বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগলের কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন কিছু নীতিমালা প্রস্তাব করেছে যুক্তরাজ্যের প্রতিযোগিতা ও বাজার কর্তৃপক্ষ (সিএমএ)। এসব পদক্ষেপের মাধ্যমে ব্যবহারকারীদের সুবিধা বাড়ানো এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করার কথা জানিয়েছে সংস্থাটি।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সিএমএ জানায়, গুগলকে সার্চ ফলাফল প্রদর্শনের পদ্ধতি সম্পর্কে আরও স্পষ্ট তথ্য দিতে হবে। পাশাপাশি কোন ভিত্তিতে ওয়েবসাইটগুলোর অবস্থান নির্ধারণ করা হয়, সেই প্রক্রিয়াতেও স্বচ্ছতা আনতে হবে।
নতুন নির্দেশনায় ব্যবহারকারীদের নিজেদের সার্চ-সম্পর্কিত তথ্য অনুমোদিত অন্য সেবাদাতার কাছে স্থানান্তরের সুযোগ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থার মতে, অনলাইন সার্চ বাজারে গুগলের প্রভাব অত্যন্ত শক্তিশালী। এ কারণে প্রতিষ্ঠানটিকে ‘স্ট্র্যাটেজিক মার্কেট স্ট্যাটাস’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা ভবিষ্যতে কোম্পানিটির ওপর বিশেষ নজরদারি ও অতিরিক্ত নিয়ম প্রয়োগের পথ তৈরি করবে।
সিএমএর ডিজিটাল মার্কেটস বিভাগের নির্বাহী পরিচালক উইল হেইটার বলেন, নতুন পদক্ষেপগুলো সার্চ ফলাফলের ন্যায্যতা নিশ্চিত করবে। একই সঙ্গে গুগলের পরিবর্তন ও সিদ্ধান্ত সম্পর্কে আরও পরিষ্কার তথ্য পাওয়া যাবে এবং অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা গড়ে উঠবে।
এর আগেও চলতি মাসে গুগলের জন্য কিছু আচরণগত নির্দেশনা জারি করেছিল সিএমএ। সেই নির্দেশনার আওতায় প্রকাশকরা চাইলে তাদের কনটেন্ট গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রশিক্ষণ বা অন্যান্য কাজে ব্যবহারের অনুমতি না দেওয়ার সুযোগ পাবেন।

Leave a Reply